সর্বশেষ

» জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৬ | বুধবার

সংবাদদাতা-গোয়াইনঘাট::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে এই অঞ্চলের ব্যাপক ও টেকসই উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, আল্লাহর অপরূপ সৃষ্টিতে সমৃদ্ধ জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পিয়াইন ও সারী নদীসহ এ এলাকার পর্যটনকেন্দ্রগুলো দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এসব পর্যটন স্পট আধুনিক ও পরিকল্পিতভাবে সাজিয়ে তুলতে হবে, যাতে পর্যটকরা বারবার ফিরে আসতে আগ্রহী হন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং মানসম্মত হোটেল-মোটেল ও রেস্টুরেন্ট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পর্যটনবান্ধব, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলার পর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করব। সততা ও সাহসিকতার সঙ্গে এগিয়ে গিয়ে একটি সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে হবে। বিএনপি সরকার গঠন করলে কোনো বাধা-বিপত্তি উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বচ্ছতা ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এর আগে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং দরবস্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

পৃথক পৃথক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর এবং তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।